Back

গ্রামে ফেসিং ইটের বাড়ি: স্থপতির কথায় ভূঁইয়া বাড়ি নির্মাণের গল্প

By Mahmudul Gani Kanak

November 24, 2026
8:11 PM
গ্রামে ফেসিং ইটের বাড়ি: স্থপতির কথায় ভূঁইয়া বাড়ি নির্মাণের গল্প

২০২৬ সালের আগস্টে এটিএন নিউজের সাপ্তাহিক স্থাপত্য ও নির্মাণবিষয়ক অনুষ্ঠান নির্মাণ রসায়ন চিন্তা স্থাপত্যের প্রধান স্থপতি মাহ্‌মুদুল গনি কনকের সঙ্গে কথা বলে তাঁর স্টুডিওতে বসেই। বিষয় ছিল রংপুরের মাহিগঞ্জে স্টুডিওর নকশা করা বাড়ি ভূঁইয়া বাড়ি। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে আলোচনা গড়ায় ফেসিং ইটে নির্মাণ আর ঢাকার বাইরের ক্লায়েন্টদের জানার বিষয়গুলোতে। তাঁর সেই কথাগুলোই এখানে তুলে ধরা হলো।

নির্মাণ রসায়ন, এটিএন নিউজ, সিজন ২, পর্ব ১৫৮ (১৫ আগস্ট ২০২৬)। ইউটিউবে দেখুন.

কাজের আগে গল্প

ভূঁইয়া বাড়ি সাত কাঠা জমির ওপর একটি একক পরিবারের বাড়ি। কনকের কথায়, "প্রজেক্টের ফাংশনের থেকে আমাদের প্রথমে কাজ করার উদ্দেশ্য ছিল এটার স্টোরি তৈরি করা।" বাড়িটি বাবা-মায়ের স্থায়ী নিবাস; তাঁদের তিন মেয়ে অন্যত্র থাকেন, একজন বিদেশে, আর মাঝে মাঝে বাড়ি আসেন। মেয়েদের কাছে এটি একটি ভ্যাকেশন হাউস, বাবা-মায়ের কাছে থাকার জায়গা। নকশার কাজ ছিল এই দুই ঘটনাকে জোড়া দেওয়া।

তাই শোয়ার ঘরের বাইরে অনেকগুলো ছোট ছোট আলাদা জায়গা তৈরি করা হয়, যেগুলো "ঠিক ইনডোর না, আবার ঠিক আউটডোরও না, ইন বিটুইন একটা জায়গা", যেখানে পরিবার একসঙ্গে হলে স্মৃতি তৈরি হতে পারে। বেশিরভাগ সময় একটিমাত্র শোয়ার ঘর ব্যবহার হয়, তবু বাড়িটি খালি মনে হয় না: প্রতিটি জায়গা থেকে আরেকটি জায়গা দেখা যায়।

বাইরে বন্ধ, ভেতরে খোলা

পরিবারটি বারবার পর্দা ও যথেষ্ট গোপনীয়তার কথা বলেছিল। উত্তর হলো এমন একটি বাড়ি, যার ভেতরটা বাইরে থেকে প্রায় দেখা যায় না, অথচ ভেতরটা খোলামেলা। কনকের ভাষায়, "বাইরে থেকে বিল্ডিংটা খুবই একটা শক্ত বক্সের মতো মনে হয়... কিন্তু বাড়ির ভিতরে আসলে খুবই পারফোরেটেড এবং খোলা।"

মূল দরজা খুললেই দৃষ্টি পুরো বাড়ি ভেদ করে একেবারে শেষ সীমানা পর্যন্ত চলে যায়। রাস্তা থেকে এক ধাপ উঠে একটি খোলা বসার জায়গা, যেখানে গ্রামের কেউ এলে ভেতরে না এসেই কথা বলে চলে যেতে পারেন। তারপর বসার ঘর, তারপর আরেক ধাপ উঠে মঞ্চের মতো হয়ে আরও ব্যক্তিগত ঘরগুলো। একটি সানশেড এই স্তর বদলকে চিহ্নিত করে, এক জায়গা থেকে আরেক জায়গার মাঝে এক ধরনের গেটওয়ে। বাড়ির দক্ষিণে দাঁড়িয়ে উত্তরের বারান্দায় কী হচ্ছে দেখা যায়। কনকের কথায়, "আমার কাছে মনে হয়েছে এটা একটা থিয়েটারের মতো, এক ধরনের ড্রামা চলছে পুরা বাসা জুড়ে।"

ইটের দেয়ালের করিডোর, মেঝেতে রোদ, শেষ প্রান্তে সিঁড়ি, ভূঁইয়া বাড়ি, রংপুর
বাড়ির ইটের মেরুদণ্ড, শেষ প্রান্তে সিঁড়ি।

বেঞ্চ, কলপাড় আর রান্নাঘরের বারান্দা

খাওয়ার জায়গার সামনে একটি বড় বেঞ্চ জানালার পাশে বসার জায়গা হিসেবে কাজ করে। এখানে বসে উঠান উপভোগ করা যায়, গল্প করা যায়, আর বাচ্চারা পড়াশোনাও করতে পারে।

ইটের দেয়ালের মাঝে কাঠের লম্বা জানালা-বেঞ্চে দুটি শিশু, বাইরে উঠান, ভূঁইয়া বাড়ি, রংপুর
উঠানের পাশে জানালার বেঞ্চে দুটি শিশু।

সার্ভিস এন্ট্রি দিয়ে যাওয়া যায় রান্নাঘর আর কলপাড়ে। কনক জানালেন, যারা বাড়িটি দেখতে এসেছেন, তাঁদের প্রশংসা সবচেয়ে বেশি পেয়েছে এই কলপাড়। রান্নার বেশিরভাগ কাজ হয় রান্নাঘরের সামনের বারান্দায়, সেখানে শাকসবজিও হচ্ছে। ওই বারান্দায় একটি মাটির চুলার কথাও ভাবা হয়েছিল, পরিবার এখনও সেটি করেনি। কলপাড়ের পাশের একটি দেয়ালে সব ইউটিলিটি এক জায়গায়: গ্যাসের সিলিন্ডার, সাবমার্সিবল পাম্প আর বিদ্যুতের মিটার। মিটারটি এমনভাবে বসানো যে মিটার রিডারকে বাড়ির ভেতরে আসতে হয় না।

গ্রিলের বদলে ইটের পর্দা

"এখন সবাই বাড়ি করলে বাড়িতে গ্রিল দিতে চায়," বলেন কনক। গ্রিল দেওয়া হয় নিরাপত্তার জন্য, কিন্তু তা বাইরের সঙ্গে দৃশ্যগত সংযোগে বাধা দেয়। তাই লক্ষ্য ছিল যতটা সম্ভব গ্রিল বাদ দেওয়া।

পশ্চিমের সীমানায় তেরো-ছিদ্রবিশিষ্ট ইট তিন ইঞ্চি পাশে খাড়া করে, জিগজ্যাগভাবে বসিয়ে একটি পর্দা তৈরি করা হয়েছে; জিগজ্যাগের কারণে পর্দাটি শক্তও হয়। এটি দিনের আলো ছেঁকে ভেতরে আনে, বাতাসকে আটকায় না; আর খাড়া করে বসানোয় ইট লাগে কম, ফলে খরচও কমে। পর্দাটি ধরে রাখে থ্রি-হোল ইটের কলাম; পুরো কাঠামো দলটি থ্রিডিতে ইট ধরে ধরে মডেল করেছিল। এই পর্দা আর বাগানের ওপরে তোলা মাচার কারণে ওই পাশের জানালাগুলোতে কোনো গ্রিলই লাগেনি। গ্রিল রাখা হয়েছে শুধু সেই জানালাগুলোতে, যেগুলো সরাসরি বাইরের দিকে খোলে।

খোলা পারগোলার নিচে গাছে ভরা বাগানের পথের পাশে ছিদ্রযুক্ত ইটের পর্দা, ভূঁইয়া বাড়ি, রংপুর
পশ্চিম পাশে বাগানের পথের ধারে তেরো-ছিদ্রবিশিষ্ট ইটের পর্দা।

যে সিঁড়ির ভেতর দিয়ে দেখা যায়

ছাদে ওঠার সিঁড়িটি হালকা আর স্বচ্ছ রাখা হয়েছে, যাতে বাড়ির ভেতরের দৃশ্যে বাধা না দেয়। ধাপগুলো ফাঁকা ফাঁকা করে বসানো। রেলিং একটিমাত্র পাইপ; মূল সিঁড়িতে একটি পাইপ টানা উঠে গেছে ছাদ পর্যন্ত। "আমরা রেলিংগুলাকে খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি, যে খুব বেশি লাইন না আসে।"

মিস্ত্রিদের শেখানো

বাড়িটি ঢাকা থেকে অনেক দূরে, সাইটে যেতে হতো বিমানে। যে মিস্ত্রিরা কাজ করেছেন, তাঁরা আগে কখনো ফেসিং ইটে কাজ করেননি। কনকের কথায়, "সো আমাদেরকে ওদেরকে শিখায়া শিখায়া করা লাগছে।" ভরসা ছিল ড্রয়িং, থ্রিডি আর যোগাযোগ; যতটা সম্ভব ডিটেইল থ্রিডিতে করা হয়েছে। ড্রয়িং দিয়ে যা বোঝানো যায়নি, থ্রিডি থেকে একটি স্ক্রিনশটে অনেক সময় তা বোঝা গেছে।

সাইট দেখতে যাওয়া বন্ধুরা একটি বিষয় খেয়াল করেছিলেন: বাড়ির ওপরের দিকের কাজ নিচের দিকের চেয়ে ভালো। মিস্ত্রির হাত দেয়াল উঠতে উঠতে পাকা হয়েছে, আর বাড়িটি সেই শেখার চিহ্ন ধরে রেখেছে।

গাছের ফাঁকে গাঢ় ফ্রেমের জানালাসহ উন্মুক্ত লাল ইটের দেয়াল আর ইটের জালি, ভূঁইয়া বাড়ি, রংপুর
গাছের ফাঁকে উন্মুক্ত লাল ইটের দেয়াল আর ইটের জালি।

ফেসিং ইট: সুবিধা আর কঠিন দিক

বিরতির পর উপস্থাপক জানতে চান ইটের ভালো-মন্দ দিক। "আসলে আমি স্টিল লার্নিং," বলে শুরু করেন কনক। সুবিধা: ইট দেখতে সুন্দর, রং করার ঝামেলা নেই, পরিষ্কার করলেই নতুনের মতো হয়ে যায়। কঠিন দিকগুলো:

  • সময় বেশি লাগে। ফেসিং ইটে প্রতিটি ইট ভেবেচিন্তে বসাতে হয়, প্লাস্টার হয় দ্রুত। আর প্লাস্টারে ভেতরের ভুলগুলো ঢেকে যায়।
  • ইলেকট্রিক্যাল পয়েন্ট আগে থেকে ভাবতে হয়। পরে টানলে তার দেয়ালের ওপর দিয়ে নিতে হয়, যা দেখতে অন্যরকম লাগে।
  • ইট ভালো হতে হবে। ফেসিং ইটের কাজে সাইজ ঠিকঠাক আছে এমন ইট ব্যবহার করা জরুরি।

স্যাঁতসেঁতে ভাব নিয়ে উপস্থাপক মনে করিয়ে দেন, গ্যাসে পোড়ানো ইট খুব বেশি আর্দ্রতা টানে না। কনক সম্মত হন, তবে বলেন, লিকেজ আর ড্যাম্পের একটু আশঙ্কা তবু থাকে। এর জন্য নানা কোটিং পাওয়া যায়; ঠিকমতো দিয়ে রক্ষণাবেক্ষণ করলে সমস্যা হওয়ার কথা নয়, তবে এই ট্রিটমেন্টে খরচ কিছুটা বাড়ে।

ঢাকার বাইরে নির্মাণ

উপস্থাপক একটি চেনা ভয়ের কথা তোলেন: ঢাকার বাইরে মিস্ত্রি বা কন্ট্রাক্টর স্থপতির ভাবনা অনুযায়ী কাজ তুলে দিতে পারবেন কি না। এই কারণে অনেক উচ্চাকাঙ্ক্ষী নকশা শেষে সরল সংস্করণে গিয়ে দাঁড়ায়।

কনকের উত্তর: মিস্ত্রি দক্ষ হলে কাজ মসৃণ আর দ্রুত হয়। কিন্তু ততটা দক্ষ না হলেও, "ডিজাইন ফলো করলে একটা ভালো জায়গাতেই যাইয়া শেষ হবে। হয়তো ক্রাফটসম্যানশিপ অত ভালো হবে না। বাট প্রজেক্ট একটা ভালো জায়গাতেই শেষ হওয়ার কথা।"

স্থপতির সঙ্গে যোগাযোগ আর রক্ষণাবেক্ষণের বাজেট

অনেক সময় ক্লায়েন্ট স্থপতির কাছ থেকে ড্রয়িং নিয়ে নিজের মিস্ত্রি বা কন্ট্রাক্টর দিয়ে কাজ শুরু করেন, স্থপতির সঙ্গে আর যোগাযোগ থাকে না। কনক এখানে দুটি অবস্থা দেখেন। ক্লায়েন্ট বা ইঞ্জিনিয়ার যদি ড্রয়িং ভালো বোঝেন, প্রকল্পের লক্ষ্য স্পষ্ট থাকে আর ড্রয়িংয়ে সব সিদ্ধান্ত দেওয়া থাকে, তাহলে অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ক্লায়েন্ট অতটা কারিগরি জ্ঞান রাখেন না, আর সাইটের ইঞ্জিনিয়ারদেরও ড্রয়িং পড়া আর প্রকল্পের লক্ষ্য বোঝায় ঘাটতি থাকে। তাই তাঁর মতে, প্রকল্প শেষ হওয়া পর্যন্ত, এমনকি তার পরও, স্থপতির সঙ্গে যোগাযোগ রাখা জরুরি। নকশা হস্তান্তর আর ফি মিটে গেলেও স্থপতির কাছে প্রকল্পটি গুরুত্বপূর্ণ থাকে; তিনি চান, কাজটা নকশা অনুযায়ী হোক।

তিনি আরও বলেন, বাড়ি বানানোর চেয়ে বানানোর পরের রক্ষণাবেক্ষণ বেশি গুরুত্বপূর্ণ। ক্লায়েন্টের উচিত রক্ষণাবেক্ষণের জন্য একটি বাজেট রাখা, আর নিজের আর্থিক সঙ্গতি বুঝে উপকরণ বাছাই করা। অনেক উপকরণ দেখতে ভালো, কিন্তু তার যত্ন নিতে হয়; প্রশ্ন হলো, সেই সময় আর টাকা আপনি দিতে পারবেন কি না।

আরও পড়ুন

এই জার্নালে ভূঁইয়া বাড়ি নিয়ে তিনটি প্রবন্ধ আছে: পরিসর নির্মাণ, ইট ও নির্মাণ আর প্রেক্ষাপট ও সংস্কৃতি নিয়ে। পুরো প্রকল্প দেখতে পাবেন ভূঁইয়া বাড়ি প্রকল্পের পাতায়।

সাক্ষাৎকার: নির্মাণ রসায়ন, এটিএন নিউজ, সিজন ২, পর্ব ১৫৮, ১৫ আগস্ট ২০২৬। প্রকল্প: ভূঁইয়া বাড়ি, মাহিগঞ্জ, রংপুর, ২০২২। প্রধান স্থপতি: মাহ্‌মুদুল গনি কনক। লিড আর্কিটেক্ট: আহ্‌সান হাবিব।

© ২০১২ - ২০২৬ চিন্তা স্থাপত্য। সর্বস্বত্ব সংরক্ষিত।