brand preloader
Alok Vacation House
brand preloader

Alok Vacation House

প্রধান স্থপতি: Mahmudul Gani Kanak
ডিজাইন টিম: Ahsan Habib, Argha Mirta Chowdhury
অবস্থান: ঢাকা, বাংলাদেশ
আয়তন: 7200 SFT
আরও দেখুন

শেকড়ের কাছে ফিরে যাওয়া

সুজিত ও তাঁর নাতি-নাতনিদের অবকাশযাপন গৃহ | চিন্তা স্থাপত্য

শহুরে জীবনের ব্যস্ততায় প্রকৃতির সঙ্গে আমাদের সহজ সম্পর্ক ক্রমেই হারিয়ে যাচ্ছে। যে শৈশব একসময় কেটেছে গাছের ছায়ায়, বৃষ্টির জলে কিংবা খোলা মাঠে, আজ তা অনেকটাই সীমাবদ্ধ চার দেয়ালের ভেতর। সুজিত ও তাঁর নাতি-নাতনিদের জন্য পরিকল্পিত এই অবকাশযাপন গৃহের ভাবনা শুরু হয়েছিল সেই হারিয়ে যাওয়া অভিজ্ঞতাকে ফিরিয়ে আনার আকাঙ্ক্ষা থেকে। জমিটি প্রথমে একটি বহুতল আবাসিক ভবনের জন্য নির্ধারিত ছিল। কিন্তু অপর্যাপ্ত অবকাঠামো ও সড়ক যোগাযোগের সীমাবদ্ধতায় পরিকল্পনাটি বাস্তবায়িত হয়নি। অব্যবহৃত এই জমিতেই পরবর্তী সময়ে জন্ম নেয় একটি পারিবারিক অবকাশযাপন গৃহের ধারণা, যেখানে তিন প্রজন্ম একসঙ্গে সময় কাটাতে পারবে প্রকৃতির সান্নিধ্যে। বাংলাদেশের গ্রামীণ জীবনের পরিচিত উপাদান—উঠান, বাগান, জল, আলো-বাতাস ও উন্মুক্ত পরিসর—হয়ে ওঠে নকশার মূল অনুপ্রেরণা।

পরিসরের মধ্য দিয়ে প্রকৃতির কাছে

বাড়ির প্রবেশপথে ভল্ট আকৃতির ছাদ এবং তার পরবর্তী খিলানযুক্ত পথ তৈরি করেছে একটি ধারাবাহিক স্থানিক অভিজ্ঞতা। আলো, ছায়া ও উচ্চতার পরিবর্তন দর্শনার্থীকে ধীরে ধীরে মূল বসবাসের পরিসরে নিয়ে যায়। বাড়ির কেন্দ্রে একটি দীর্ঘ, সরু সুইমিং পুল অভ্যন্তরীণ ও বহিরাঙ্গনের মধ্যে সংযোগ তৈরি করেছে। ভেতরের অংশ শিশুদের জলক্রীড়ার জন্য, আর বাইরের অংশ বড়দের অবকাশযাপনের উপযোগী। একই জলধারা দুটি প্রজন্মের ভিন্ন প্রয়োজনকে একসূত্রে বেঁধেছে। এর পাশেই উন্মুক্ত রান্নাঘরের সঙ্গে যুক্ত খাবার জায়গা, যা পরিবারের সম্মিলিত জীবনের একটি স্বাভাবিক কেন্দ্র।

সবুজের স্তরে স্তরে

বাড়ির চারপাশে বাগানগুলোকে বিভিন্ন স্তরে বিন্যস্ত করা হয়েছে, যাতে প্রকৃতির সঙ্গে সংযোগ বজায় রেখেও ব্যক্তিগত পরিসরের প্রয়োজন পূরণ করা যায়। বাইরের বাগানটি একটি ছিদ্রযুক্ত দেয়াল দিয়ে সুরক্ষিত, যা নিরাপত্তার পাশাপাশি আলো-বাতাস ও দৃশ্যগত সংযোগ বজায় রাখে। এর ভেতরে রয়েছে আরও একটি নিবিড় ব্যক্তিগত বাগান। শোবার ঘরগুলো এমনভাবে স্থাপন করা হয়েছে, যাতে উঠান ও বাগানের দৃশ্য দৈনন্দিন বসবাসের অংশ হয়ে ওঠে। এই বিন্যাসে উন্মুক্ততা, নিরাপত্তা ও অন্তরঙ্গতা পরস্পরের সঙ্গে ভারসাম্য তৈরি করেছে।

বৃষ্টি, ইট ও নির্মাণের ভাষা

বাংলাদেশের স্থানীয় স্থাপত্যের নির্মাণজ্ঞান ও জলবায়ুর সঙ্গে সম্পর্ক এই প্রকল্পের উপকরণ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাড়ির মূল ভারবাহী কাঠামো নির্মিত হয়েছে লাল ইটে, যা আমাদের ভূখণ্ডের পরিচিত নির্মাণ ঐতিহ্যকে ধারণ করে। অন্যদিকে স্টিলের উল্টো ঢালু ছাদ স্থানীয় নির্মাণরীতির স্মৃতি বহন করার পাশাপাশি বৃষ্টির জল সংগ্রহের ব্যবস্থা হিসেবে কাজ করে। সংগৃহীত জল বাগানের পরিচর্যাসহ বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা যায়। ঐতিহ্য ও সমকালীন নির্মাণভাবনার এই সমন্বয় স্থাপত্যকে দিয়েছে নিজস্ব পরিচয়।

প্রজন্মের মাঝে এক সেতুবন্ধন

এই অবকাশযাপন গৃহের মূল উদ্দেশ্য শুধু শহুরে ব্যস্ততা থেকে সাময়িক মুক্তি নয়; বরং পরিবারের সদস্যদের একসঙ্গে সময় কাটানোর একটি পরিবেশ তৈরি করা। এখানে শিশুরা গাছ চিনবে, বৃষ্টির জল দেখবে, উঠানে খেলবে। পরিবারের সবাই একসঙ্গে রান্না করবে, খাবার ভাগ করে নেবে কিংবা বাগানের পাশে বসে গল্প করবে। এই সাধারণ মুহূর্তগুলোই একদিন হয়ে উঠবে তাদের শৈশবের স্মৃতি। চিন্তা স্থাপত্যের কাছে প্রকল্পটি তাই কেবল একটি অবকাশযাপন গৃহ নয়; বরং আধুনিক জীবনযাপন ও গ্রামীণ জীবনের সহজ অভিজ্ঞতার মধ্যে একটি সেতুবন্ধন। যেখানে স্থাপত্য শুধু বসবাসের পরিসর তৈরি করে না, বরং প্রকৃতির সান্নিধ্যে প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা স্মৃতি ও ভালোবাসার আশ্রয় হয়ে ওঠে।

Alok Vacation House
brand preloader
Alok Vacation House
brand preloader
Project gallery
© 2015 - 2026 Chinta Sthapatya. All Rights Reserved