brand preloader
Avon Chamber
brand preloader

Avon Chamber

ডিজাইন টিম: Mahmudul Gani Kanak, Ahsan Habib
আলোকচিত্রী: Farsid Raihan, Ahsan Habib, Baizid Hossain
অবস্থান: ঢাকা, বাংলাদেশ
আয়তন: 1600 SFT
আরও দেখুন

অ্যাভন চেম্বার: কোলাহলের মাঝে এক স্থির আশ্রয়

আইনের মানুষদের দিন কাটে অস্থিরতার ভেতরে। সেখানে টানাপোড়েন আছে, দর-কষাকষি আছে, কৌশলের চাল আর যুক্তির লড়াই আছে। তবু আমাদের মনে হয়েছিল, তাঁদের কাজের জায়গাকে সেই কোলাহলের প্রতিধ্বনি হতে হবে এমন কোনো কথা নেই। অ্যাভন চেম্বারের নতুন অন্দরসজ্জার ভার যখন আমাদের হাতে এল, আমরা নিজেদের জিজ্ঞেস করেছিলাম: এমন একটি দপ্তর কেমন হতে পারে, যা শুধু প্রতীকে নয়, অনুভবেও স্বচ্ছতা, প্রশান্তি আর মর্যাদাকে আগলে রাখবে।

অভ্যর্থনা, চেম্বার, সভাকক্ষ, পাঠাগার, লাউঞ্জ আর সহায়ক পরিসর মিলিয়ে জায়গাটা কীভাবে সাজানো হবে, তা ঠিক করে দিয়েছে কাজের প্রয়োজন। কিন্তু এর গভীরে বয়ে চলেছে একটা ছন্দ। একটানা এক চলার পথ পুরো নকশাকে একসূত্রে গেঁথে রেখেছে। সেই পথে যত্ন করে বসানো মুহূর্তগুলো কখনো ধারালো কিনারা ছুঁয়ে যায়, কখনো কোমল বাঁক। কোথাও আলো-ভেদ্য পর্দা, কোথাও বুনোটে ভরা দৃঢ় দেয়াল।

আমরা নকশা করেছি সংযম নিয়ে। পরিচ্ছন্ন জ্যামিতি, মাপে গড়া কাজের টেবিল, শব্দকে বশ মানানো দেয়াল আর ছড়িয়ে পড়া নরম আলো, সবকিছুই মনকে একাগ্র হতে ডাকে। উপকরণ এখানে কথা বলে নিঃশব্দে, অথচ সেই নীরব কথাই সবচেয়ে জরুরি। ওক-রঙা কাঠের আস্তর, শীতল ধূসর ঢেউখেলানো তল, বুনোটময় কাপড় আর উষ্ণ কাঠের মেঝে মিলে তৈরি হয়েছে এক সুরেলা ঐকতান। তা উচ্চকিত নয়, নিষ্প্রাণও নয়; বরং স্থির আর সংহত।

এই ঘরগুলোর প্রতিটি দেয়ালে, প্রতিটি তাকে বইয়ের নিঃশব্দ উপস্থিতি। আইনের খণ্ড, তথ্যগ্রন্থ, সাহিত্য, সবাই একসঙ্গে চোখের নোঙর আর মননের স্বাক্ষর। সত্যি বলতে, চেম্বারগুলো পদমর্যাদার সিঁড়িতে সাজানো দপ্তরের চেয়ে বেশি যেন অন্তরঙ্গ পাঠকক্ষ। আমরা চেয়েছি প্রতিটি টেবিল মাটিতে শিকড় গেড়ে থাকুক, আবার আলাপের জন্য খোলাও থাকুক। প্রতিটি কোণ মাপা হয়েছে আইনি কাজের নীরব অনুশাসনের কথা ভেবে। কোথাও এক চিলতে সবুজ, কোথাও নরম গালিচা, কোথাও বা জানালা গলে আসা এক টুকরো রোদ, ঠিক যেখানে তার প্রয়োজন।

অ্যাভন চেম্বার কোনো প্রদর্শনী নয়, এটা কাজের জায়গা। তবু এর ভেতরে আছে এক অন্তর্গত ভার, এক গভীর টান। আইনের মানুষদের যে শ্রম প্রায়ই থেকে যায় চোখের আড়ালে, এই পরিসর যেন নীরবে তাকেই সম্মান জানায়।

Avon Chamber
brand preloader
Project gallery
© 2015 - 2026 Chinta Sthapatya. All Rights Reserved