brand preloader
The Quiet Foreground
brand preloader

The Quiet Foreground

ডিজাইন টিম: Mahmudul Gani Kanak, Ahsan Habib, Nazmul Islam Sourove
আলোকচিত্রী: City Sintex, Ahsan Habib, Shoeb Bhuian, Mahmudul Gani Kanak,
অবস্থান: ঢাকা, বাংলাদেশ
আরও দেখুন

আর্ক-সামিট, ২০২৫-এ বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের সামনের প্রদর্শনীর জন্য স্থানটির ডিজাইন করার দায়িত্ব পাওয়া আমাদের জন্য ছিল সত্যিই এক দারুন অভিজ্ঞতা। দেশের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপত্যকর্মের সাথে সরাসরি কাজ করাটা যেমন আনন্দের, তেমনি প্রতিটি সিদ্ধান্তে ছিল বাড়তি দায়িত্ববোধ ও সচেতনতা।
এই গুরুত্বপূর্ণ স্থানে কাজ করার সুযোগ করে দিয়ে আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য আমরা স্থপতি মোঃ দিদারুল ইসলাম ভূঁইয়া দীপু এবং আইএবি প্রেসিডেন্ট ড: আবু সাঈদ এম আহমেদ-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রথমে সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতেই প্রদর্শনীর আয়োজন করার পরিকল্পনা ছিল। সেখানে গাছের আকৃতির যে লাইট স্ট্রাকচারটি রয়েছে, তাকে ঘিরেও আমাদের কিছু ডিজাইন প্রস্তাবনা ছিল। পরবর্তীতে প্রদর্শনীর জন্য স্থান হিসেবে নির্ধারণ করা হয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউ ফুটপাত- একটি উন্মুক্ত পরিসর, যেখানে অবসরে সময় কাটাতে প্রতিদিনই মানুষের স্বতঃস্ফূর্ত সমাগম ঘটে।
এক্ষেত্রে প্রথমেই আমরা যেটা বুঝতে পারি, সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে তাদের জন্যই উন্মুক্ত এই আয়োজনটিকে সফল করতে গেলে এখানকার দৈনন্দিন চলাচলের স্বাভাবিক যে গতিকে কোনোভাবেই ব্যাহত করা যাবে না। এখানে যে ভ্রাম্যমাণ বিক্রেতারা আছেন এবং তাদের নিয়মিত ক্রেতাদের এই বিরাট অংশটাকে আমরা একেবারেই বিরক্ত করতে চাইনি। ফলে আমরা এমন একটা পাশ বেছে নিয়েছি যেটি সংসদ ভবন সীমানা সংলগ্ন হওয়ায় তাকে সম্পূর্ণরূপে দৃশ্যত অনুভব করা যায়, এবং একইসাথে জনসমাগমের নিয়মিত জীবনাচারও অক্ষুণ্ণ থাকে। প্রদর্শনী চলাকালীন এর সুফল আমরা স্পষ্টভাবে দেখতে পেয়েছি; এই স্থানটির ব্যবহারকারী ক্রেতা ও বিক্রেতারা বরং পুরো আয়োজনটিকে ইতিবাচকভাবেই গ্রহণ করেছিলেন।
শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল এমন একটি অভিজ্ঞতা ডিজাইন করার, যা দর্শনার্থীদের সঙ্গে অর্থবহভাবে যোগাযোগ স্থাপনে সক্ষম। আমরা সামান্য ঢালু একটি প্রদর্শনী পৃষ্ঠের ধারণা নিয়ে কাজ শুরু করি। এর ফলে একজন দর্শনার্থী এই চত্বরে দাঁড়িয়ে এবং দৃশ্যগতভাবেও নিবিড়ভাবে সংযুক্ত হতে পারেন। এই ভাবনা থেকে একাধিক স্থানিক অধ্যয়ন ও ডিজাইন পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়, যেখানে স্কেল, অভিমুখ এবং দর্শকের অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে সমন্বয় আনা হয়েছে।
আমরা যে সংসদ ভবনের সংস্পর্শে থেকে তার সম্মুখে ডিজাইন করছি, সে ব্যাপারে সম্পূর্ণ সচেতন ছিলাম। বিশ্বখ্যাত স্থপতি লুই আই কান এর ডিজাইন করা জাতীয় সংসদ ভবনের সামনে কিছু ডিজাইন করার একটা বাড়তি চাপ ছিল। এখানে কোনো হস্তক্ষেপ করতে গেলেই মনে হয় স্থপতি কান-এর ডিজাইনের অনুকরণ যেন না হয়ে যায়, আবার অদ্ভুত কিছুও যেন না হয়। উপরন্তু কোনরূপ দৃশ্যগত বিঘ্ন সৃষ্টি না করে এমন একটি নম্র ডিজাইন করা যা সংসদ ভবনের মহিমাকে বিঘ্নিত না করে।
ডিজাইন চলাকালীন আমরা অনুধাবন করলাম, আমাদের কিছু প্রস্তাবিত ডিজাইন উপাদান স্থপতি কান-এর অনির্মিত প্রকল্প হুরভা সিনাগগ-এর সাথে অজান্তেই মিলে যাচ্ছে। এই মিলে যাওয়াটাকেই আমরা পরবর্তীতে সচেতনভাবে স্বীকৃতি দিয়ে উদযাপনের সিদ্ধান্ত নিই।
চূড়ান্ত ডিজাইনটি আদতে কোনো অনুকরণ নয়, বরং একটি শ্রদ্ধার্ঘ্যে পরিণত হলো। হুরভা সিনাগগ প্রকল্পে স্থপতি কান জোড়া ভলিউমকে একটি সরলরৈখিক বিন্যাসে ডিজাইন করেছিলেন। আমরা আমাদের পরিকল্পনায় স্থপতি কান-এর এই প্রকল্পটিকে ভাবানুবাদের চেষ্টা করেছি মাত্র। এখানে সেই একই গাণিতিক যুক্তিকে অনুসরণ করে ভিন্ন একটি মাত্রায় প্রয়োগ করা হয়েছে। তাই এই চত্বরে উপাদানগুলো এমনভাবে বিন্যস্ত করা হয়েছে যাতে এখান থেকে জাতীয় সংসদ ভবন দেখতে কোনো বাধা না হয়।
আমরা এখানে একটি বসার জায়গা ও তৈরি করেছি, যেন মানুষ হেঁটে যেতে যেতে একটু থামতে পারে, বিশ্রাম নিতে পারে, বা বসে বসে প্রদর্শনী উপভোগ করতে পারে। অনুভূতিগতভাবে এই স্থানটি একটি বারান্দা বা আঙিনার মতো স্থানিক অভিজ্ঞতা সৃষ্টি করে, যা দর্শককে দ্রুত দেখার বদলে সময় নিয়ে দেখতে করতে উৎসাহিত করে এবং প্রদর্শনীর বিষয়বস্তুকে উপলব্ধি করার জন্য এটাকেই উপযুক্ত সিদ্ধান্ত বলে আমাদের মনে হয়েছে।
সংসদ ভবনের মহিমার ছায়ায় দাঁড়িয়ে, হুরভা সিনাগগের জোড়া ভলিউমের নীরব গল্পকার ‘স্থান-কাল-পাত্র’ প্রদর্শনী চত্বরটি দর্শকদের আহ্বান জানায় থমকে যেতে, মন ভরে দেখতে, জিরিয়ে নিতে, অনুভব করতে সর্বোপরি, দৈনন্দিন জীবনের সঙ্গে সংলাপ স্থাপন করতে।

The Quiet Foreground
brand preloader
The Quiet Foreground
brand preloader
The Quiet Foreground
brand preloader
Project gallery
© 2015 - 2026 Chinta Sthapatya. All Rights Reserved